প্রধান খবর

‘আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত চাই না’- রাষ্ট্রপতি

রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্ন মতাদর্শ থাকলেও কোনো ধরনের সংঘাত ও সহিংসতায় না জড়ানোর জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত বা সংঘর্ষ চাই না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলব- আপনারা নিজেদের রাজনীতি করবেন, মতবাদ প্রচার করবেন, কিন্তু সংঘাতে কখনো জড়াবেন না।”

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্থানীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের জন্মস্থান ঠাকুরগাঁওয়ের উন্নয়নের চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া মেডিকেল কলেজের জমি নির্ধারণ, ভুল্লী ও রুহিয়াকে উপজেলায় উন্নীতকরণ এবং পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সমন্বয়ে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

উন্নয়ন প্রসঙ্গে চীনের সহযোগিতার কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের উপস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার্থী-শিক্ষকদের চীন ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। অচিরেই চীনা বিশেষজ্ঞরা ঠাকুরগাঁওয়ে শিল্প কারখানা স্থাপনের উদ্দেশ্যে সফর করবেন।

রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে। রাজনৈতিক প্রতিশোধ বা হিংসা নয়, বরং প্রেম, ভালোবাসা ও জাতীয় ঐক্যের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে—যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। একই সঙ্গে যুবসমাজকে মাদকমুক্ত থেকে স্বাবলম্বী হওয়ার এবং ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ-জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *