প্রধান খবর

লন্ডনে মোজতবা খামেনির দুটি বিলাসবহুল পেন্টহাউস নিলামে

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সবচেয়ে অভিজাত এলাকায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুটি বিলাসবহুল পেন্টহাউস বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। ২০১৪ ও ২০১৬ সালে মোট ৩ কোটি ৫৭ লাখ ৫০ হাজার পাউন্ডে কেনা এই ফ্ল্যাট দুটির নিবন্ধিত মালিক ইরানি ব্যাংকার আলি আনসারি। রোববার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’।

প্রতিবেদনে জানানো হয়, লন্ডনের কেনসিংটন প্যালেসের ঠিক বিপরীতে অভিজাত প্যালেস গ্রিন এলাকার ‘৩এ প্যালেস গ্রিন’ ভবনে পেন্টহাউস দুটি অবস্থিত। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম তলাজুড়ে অবস্থিত ৩ হাজার ৯৪৪ বর্গফুটের পাঁচ শয়নকক্ষের একটি ডুপ্লেক্স পেন্টহাউস ২০১৬ সালে ১ কোটি ৯০ লাখ পাউন্ডে কেনা হলেও বর্তমানে তা ১ কোটি ২০ লাখ পাউন্ডের কিছু কম দামে বিক্রির জন্য সোথেবিজ ও নাইট ফ্র্যাঙ্কের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। একই ভবনের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত অপর ডুপ্লেক্স পেন্টহাউসটি ২০১৪ সালে ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে কেনা হয়েছিল, যা বর্তমানে রিসিভারশিপের অধীনে রয়েছে।

যুক্তরাজ্যের ল্যান্ড রেজিস্ট্রির তথ্যমতে, সম্পত্তি দুটির আনুষ্ঠানিক মালিক ইরানি ব্যাংকার আলি আনসারি। যিনি চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় পড়েন। ওয়াশিংটন ও লন্ডনের অভিযোগ, আনসারি ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ আধিকারিকদের অবৈধ বৈশ্বিক সম্পদ নেটওয়ার্ক ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান অর্থায়নকারী হিসেবে কাজ করতেন।

নিষেধাজ্ঞার কারণে আলি আনসারির যুক্তরাজ্যের সব সম্পদ জব্দ রয়েছে। পরবর্তীতে বন্ধকী ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় পাওনাদার বেসরকারি ঋণদাতাদের অর্থ ফেরতের লক্ষ্যে ব্রিটিশ সরকারের বিশেষ অনুমোদনে সম্পত্তি দুটি রিসিভারদের মাধ্যমে বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়। সম্পত্তি বিক্রির পর পাওনাদারদের অর্থ মেটানোর পর অবশিষ্ট অর্থ নিষেধাজ্ঞার আইনি বিধিনিষেধের কারণে অবরুদ্ধ থাকবে বলে দ্য সানডে টাইমস জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *