নেপালে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সরেজমিনে পরিদর্শন এবং আর্তপীড়িত মানুষের পরিস্থিতি পর্যবেক্ষণে দুই দিনের এক মানবিক সফরে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের রাজধানী কাঠমুন্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসূচি অনুযায়ী, মামুনুল হক নেপালের দুর্যোগকবলিত বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে দেখবেন এবং সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের সংকট, ক্ষয়ক্ষতি ও জরুরি প্রয়োজনের খোঁজখবর নেবেন। সেই সঙ্গে স্থানীয় পর্যায়ে পরিচালিত ত্রাণ ও উদ্ধার তৎপরতার সার্বিক অবস্থা পর্যবেক্ষণপূর্বক ভবিষ্যতে মানবিক সহায়তার ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবেন।
সফরকালে তিনি নেপালের স্থানীয় আলেম-উলামা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন। এসব আলোচনার মূল উদ্দেশ্য দুর্যোগকবলিত মানুষের পাশে আন্তর্জাতিকভাবে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী কার্যকর সহযোগিতার রূপরেখা তৈরি করা।
উল্লেখযোগ্য যে, স্মরণকালের ভয়াবহ দুর্যোগে নেপালে ব্যাপক প্রাণহানির পাশাপাশি অবকাঠামো, ঘরবাড়ি ও যোগাযোগব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এই মানবিক সফরে আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। সব কর্মসূচি শেষ করে আগামী ৮ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

