বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে ঘোষিত তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর আজ আবারও শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে হাইকোর্টে শুনানির জন্য বুধবার (৩ জুন) দিন নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (২ জুন) রিটের প্রাথমিক শুনানি শেষে আরও শুনানির প্রয়োজনীয়তা বিবেচনায় আজকের দিন ধার্য করেন আদালত।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপুসহ সংশ্লিষ্ট আইনজীবীরা। অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস এবং অন্যান্য আইনজীবী।
এর আগে গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর হাইকোর্টে রিট দায়ের করেন। পরে ১ জুন সম্পূরক আবেদনের মাধ্যমে ঘোষিত তফসিলের কার্যক্রম স্থগিত এবং আবেদনকারীদের অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। পরবর্তীতে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

