প্রধান খবর

গোপালগঞ্জে তিন কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও এতে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি, বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে প্রথম বিস্ফোরণ ঘটে। একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকার বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। রাত সাড়ে আটটার দিকে শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও দুর্বৃত্তরা ককটেল ছোড়ে। তিন স্থানে বিস্ফোরণের পর আশপাশের এলাকা তীব্র শব্দে কেঁপে ওঠে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, রাত সাড়ে সাতটার দিকে অজ্ঞাত ব্যক্তিরা নিলারমাঠ এলাকায় সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রাত আটটার দিকে বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও একই ধরনের বিস্ফোরণ ঘটে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, গুয়াধানা এলাকার বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনাতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *