প্রধান খবর

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৩.৬ ডিগ্রিতে, হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসের কারণে ভোর ও সকালের দিকে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে আকাশে ঝলমলে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের দাপটে কমছে না ঠান্ডা। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় এমন শীতল আবহাওয়া বিরাজ করছে। রাতভর হালকা কুয়াশার পর সকালে সূর্য উঠলেও ঠান্ডা বাতাসের কারণে সকালেও বেশ শীত অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভোরবেলা কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ ও দিনমজুরেরা। শীতের পোশাক গায়ে জড়িয়ে তাদের জীবিকার তাগিদে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই এলাকায় শীতের আমেজ বাড়তে শুরু করেছে। রাতভর হিমেল হাওয়া বইতে থাকায় ভোর ও সকালে ঠান্ডার প্রকোপ বেশি থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়লে দিনের বেলায় কিছুটা স্বস্তি মিলছে।

হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হয় এবং রাতের হিমেল বাতাসে শীত আরও জেঁকে বসে। সকালে রোদ উঠলেও বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না, বিশেষ করে ভোরে বাইরে বের হলে বেশ ঠান্ডা লাগে। আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, দিনের বেলা রোদের কারণে কিছুটা আরাম পাওয়া গেলেও সন্ধ্যা নামলেই পুনরায় শীত বাড়তে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *