ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে নির্বাচন-পরবর্তী রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবা সীমিত থাকবে। এই সময়ের মধ্যে এমএফএসের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দৈনিক লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ হাজার টাকা।
এছাড়া, ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নির্বাচন চলাকালীন সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো আর্থিক অপরাধের আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি, অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

