ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকলে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ‘সেনা সংবাদ’ শীর্ষক আলোচনায় জেনারেল দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কী পদক্ষেপ নেবে। জবাবে তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় ও ভারতের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে তাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারে।
ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছরের ৭ মে পাহেলগামে সংঘটিত প্রাণঘাতী হামলার জেরে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় সামরিক অভিযান চালানোর দাবি করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সামরিক পদক্ষেপ গ্রহণ করলে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী চলা এই সামরিক উত্তেজনা পরবর্তীতে ১০ মে পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রশমিত হয়। বিশ্লেষকদের মতে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের এমন বক্তব্য ও সামরিক অবস্থান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

