প্রধান খবর

স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে ইরান: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর পাল্টা আক্রমণে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ব্যবহার করেছে ইরান। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের অননুমোদিত দুটি ব্যবহারের বিষয় জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে জানানো হয়েছে, স্পেসএক্সের একটি তদন্ত দল ওই দুটি ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সরাসরি সম্পর্ক খুঁজে পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাস্ককে আরও জানানো হয় যে, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এ ক্ষেত্রে স্থলভিত্তিক অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। তবে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ ধরনের কোনো প্রতিবেদন জমা পড়ার বিষয়ে তারা অবগত নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

ইউক্রেন ও ইরানের সংঘাতকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনাপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা পক্ষগুলোর অবৈধ ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। উল্লেখ্য, ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক পরিচালনার অনুমতি না থাকলেও এর আগে ইলন মাস্ক দেশটিতে এই সেবা সচল থাকার কথা জানিয়েছিলেন।

এর আগে গত জানুয়ারিতে ইরানে দেশজুড়ে বিক্ষোভের সময় কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলে যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল দেশটিতে পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছিল। পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে তেহরান ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *