প্রধান খবর

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার মেয়ে তাসনিম সিনহা। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজনীতির পাশাপাশি শিল্প ও ব্যবসা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত থাকা মিজানুর রহমান সিনহা ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন এবং পরে মুন্সীগঞ্জ-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও দানশীলতার জন্য নিজ এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *