দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৩ ও ১৪ মে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে দেশের কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
#WeatherAlert #RainUpdate #abnewsbangla #updatenews

