বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটে উক্ত কমিটিকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী এ রিট আবেদন দাখিল করেন। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী কমিটি নিয়মিত নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে এবং নির্ধারিত মেয়াদে কার্যক্রম পরিচালনা করছিল। কিন্তু পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারা প্রয়োগ করে নির্বাচিত কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।
আবেদনকারীদের দাবি, আইনের সংশ্লিষ্ট ধারা কেবল বিশেষ পরিস্থিতিতে প্রয়োগযোগ্য হলেও এখানে তা যথাযথ কারণ ব্যতীত প্রয়োগ করা হয়েছে, যা আইনবহির্ভূত ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের শামিল। এর ফলে ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও রিটে উল্লেখ করা হয়।
রিটে আরও প্রার্থনা করা হয়েছে, বিতর্কিত সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত রেখে বিবাদীদের কাছে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হোক।

