বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামায়াত কখনোই জনসমর্থন আদায় করতে পারেনি এবং ভবিষ্যতেও তা সম্ভব নয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এসব কথা বলেন। তিনি দাবি করেন, অতীতে জামায়াত কখনো পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি, যা তাদের সীমিত জনভিত্তিরই প্রতিফলন।
শ্রিংলা আরও বলেন, কেবল নির্বাচনী অনিয়ম বা অন্য কোনো পক্ষের সহায়তা থাকলেই জামায়াত ক্ষমতায় আসতে পারে, অন্যথায় তা বাস্তবসম্মত নয়। সুষ্ঠু নির্বাচনী পরিবেশে দলটির বিজয়ের সম্ভাবনা তিনি সম্পূর্ণভাবে নাকচ করে দেন।
বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভারত সবসময় একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণের সুযোগ পাবে। তবে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, কিংবা হলেও কোন পরিবেশে হবে তা নিয়ে অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

