বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘদিনের অবহেলায় দেশের উত্তরাঞ্চল ক্রমান্বয়ে দুর্বল করে দেওয়া হয়েছে। কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের তরুণরা জীবিকার সন্ধানে রাজধানীমুখী হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকার ভাতা নয়, সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জামায়াত একটি ভারসাম্যপূর্ণ ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি অনুসরণে বিশ্বাসী এবং কোনো দেশের আধিপত্যবাদী প্রভাব বাংলাদেশে কাম্য নয়।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোটের সফলতাই সাধারণ নির্বাচনের পথ সুগম করবে উল্লেখ করে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান এবং এটিকে কাঙ্ক্ষিত আমূল পরিবর্তনের সূচনা হিসেবে আখ্যা দেন।
উত্তরাঞ্চলের নদী সংকট প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনাসহ প্রধান নদীগুলো আজ মৃতপ্রায়। সরকার গঠনের সুযোগ পেলে নদী পুনরুদ্ধার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, চাঁদাবাজি দমন, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইপিজেড বাস্তবায়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন জামায়াত আমির। সভা শেষে তিনি দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নির্বাচনী প্রতীক হস্তান্তর করেন।

