প্রধান খবর

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে সামুদ্রিক মাইন আঘাত হানার খবরে বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

বাজার-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৪ ডলার বেড়ে ৯৬ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্স ১ দশমিক ১০ ডলার বেড়ে ৮৪ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের কোনো লেনদেন নিষ্পত্তি হয়নি।

এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করার পর আগের সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশ বেড়েছিল। সৌদি আরবের সবচেয়ে বড় এই শোধনাগারটি এমন একটি কমপ্লেক্সের অংশ, যা দেশটির অপরিশোধিত তেলের প্রধান রপ্তানি টার্মিনাল হিসেবেও ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, এই হামলা তেলের ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রিমিয়াম আরও বাড়িয়ে দেবে। তবে এ বিষয়ে সৌদি সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই সময়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, প্রণালিটি অতিক্রমের সময় ওমানের খাসাব বন্দরের উত্তরে সামুদ্রিক মাইন আঘাত হানায় দুটি ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত নৌযান দুটির একটি ছিল ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী সুপারট্যাংকার। এএনজেডের বিশ্লেষক ড্যানিয়েল হাইন্স মনে করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের এই বিস্তৃতি তেল সরবরাহের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে মরগান স্ট্যানলির হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালি বহির্ভূত পথে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ১ কোটি ৫৩ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, আগামী মাস ও প্রান্তিকগুলোতে সম্ভাব্য সরবরাহ উদ্বৃত্ত এবং মূল্যস্ফীতি তেলের দাম অতিরিক্ত বাড়ার ক্ষেত্রে একটি ঊর্ধ্বসীমা তৈরি করতে পারে; ফলে ব্রেন্ট ক্রুডের লেনদেন ৮৮ থেকে ৯৭ ডলারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ২০২৭ সালের উৎপাদন নীতি নির্ধারণে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত জোটে না থাকা এবং ইরাক ও কাজাখস্তানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর চাপের মধ্যেও ওপেক প্লাস অন্তত ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রা বহাল রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *