জাতীয় মানবাধিকার কমিশনের সকল সদস্য একযোগে পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার দুপুরে কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে একটি খোলাচিঠিও পাঠানো হয়েছে, যেখানে তাদের অবস্থান ও সিদ্ধান্তের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
এর আগে জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। বিলে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির অনুমোদন ও গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে। এর ফলে পূর্বে জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে ২০০৯ সালের আইন পুনর্বহাল করা হয়।
বিরোধী দলের আপত্তি সত্ত্বেও বিলটি পাস হওয়ায় কমিশনের বর্তমান কাঠামোতে পরিবর্তন আসে। নতুন আইনি কাঠামোর প্রেক্ষিতে বর্তমান সদস্যরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

