শিশুশিল্পী সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। একটি পোস্টকে কেন্দ্র করে বাল্যবিবাহের গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
তবে এই গুঞ্জন নাকচ করে লুবাবা জানিয়েছেন, তিনি এখনো বিয়ে করেননি। পারিবারিক সিদ্ধান্তে তার বাগদান সম্পন্ন হয়েছে। বাগদত্তার সঙ্গে ছবি প্রকাশের মাধ্যমে তিনি প্রথমে বিষয়টি জানান, যা পরে ভুল ব্যাখ্যার জন্ম দেয়।
পরবর্তীতে নতুন বার্তায় তিনি স্পষ্ট করেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত বয়স পূর্ণ হওয়ার পরই তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী নির্ধারিত বয়সের আগে বিয়ে আইনত দণ্ডনীয়। এ কারণে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
শৈশব থেকেই পরিচিত মুখ লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও সম্প্রতি তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

