রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। একটি রুশ এএন-২৬ সামরিক পরিবহন বিমান পাহাড়ের চূড়ার সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) মস্কো সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ান উপদ্বীপের ওপর দিয়ে নির্ধারিত ফ্লাইটে থাকা অবস্থান এএন২৬ সামরিক পরিবহন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ ঘটনায় বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল কিংবা কেউ বেঁচে গেছেন কিনা, সেটি উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, এএন-২৬ বিমানটির সঙ্গে আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে একটি পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, এএন-২৬ বিমানটি ১৯৬০-এর দশকের শেষদিক থেকে পরিষেবা দিয়ে আসছে। বিমানটি মাল পরিবহনের জন্যও ব্যবহার করে আসছে সংস্থাগুলো। কিন্তু গত দশকে বিমানের এই মডেলটি কয়েকটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে।
এর আগে ২০২২ সালে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে কারিগরি উড্ডয়নের সময় একটি ইউক্রেনীয় এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়। তখন একজনের মৃত্যু হয়।
এরও আগে ২০২০ সালে উত্তর-পূর্ব ইউক্রেনে একটি প্রশিক্ষণ উড্ডয়নের সময় আরেকটি বিমান বিধ্বস্ত হয়। তখন বিমানে থাকা ২৭ জনের মধ্যে একজন ছাড়া বাকি সবার মৃত্যু হয়। একই বছর দক্ষিণ সুদানে একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন রুশ নাগরিকসহ ৮ জনের মৃত্যু হয়। ২০১৭ সালে পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টে অবতরণের একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১০ জনের মধ্যে ৪ জন নিহত হন।

