কুমিল্লার বরুড়া পৌরসদরের পাঠানপাড়া গ্রামে পারিবারিক সহিংসতায় পিতার নিহত হওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় নিহত ব্যক্তি আলী আকবর (৫৫) বলে নিশ্চিত হওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তার ছেলে আবুল কালাম (৩৫) হঠাৎ ধারালো দা নিয়ে পিতার ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় আলী আকবরকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা আরও জানান, অভিযুক্ত আবুল কালাম গত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পূর্বে তিনি অটোরিকশা চালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বরুড়া থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

