২০২৬ সালের শুরু থেকেই বৈশ্বিক প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদন ও রপ্তানি খাতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। China Construction Machinery Association সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রকৌশল যন্ত্রপাতির রপ্তানি গত বছরের তুলনায় প্রায় ৩৩.৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম দুই মাসেই এই খাত থেকে রপ্তানি আয় আনুমানিক ১০.৬৮৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে ফেব্রুয়ারি মাসে চীনের প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানির পরিমাণ প্রায় ৫.১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছায়, যা ২০২৫ সালের গড় মাসিক রপ্তানি আয়ের তুলনায় প্রায় ৫০.১৬ শতাংশ বেশি। বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে, ২০২৬ সালের শেষে চীনের মোট হালকা ও ভারী প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানি হয়তো প্রায় ৬৫ থেকে ৭০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করতে পারে বলে বিভিন্ন বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক থিংক ট্যাংক ও শিল্প বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক নির্মাণ ও প্রকৌশল যন্ত্রপাতির বাজারের আকার ছিল আনুমানিক ২২০ থেকে ২৩০ বিলিয়ন ডলার। এর পাশাপাশি একই সময়ে শুধু বৈশ্বিক শিল্প যন্ত্রপাতি রপ্তানির আকার ছিল প্রায় ৯২-৯৫ বিলিয়ন ডলার এবং ২০২৬ সালের মধ্যে এই খাতের বাজারমূল্য হয়তো প্রায় ১০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে বলে ধারণা করা হয়। যদিও যৌক্তিক কারণে এই তথ্য বাস্তবে কিছুটা কম বা বেশি হতে পারে।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের প্রথম দুই মাসে চীনের রপ্তানি প্রায় সব প্রধান অঞ্চলে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশেষ করে আফ্রিকায় প্রবৃদ্ধির হার প্রায় ৭৭ শতাংশেরও বেশি, যা এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওশেনিয়ায় প্রবৃদ্ধি প্রায় ৫০.৬ শতাংশের বেশি এবং ইউরোপীয় বাজারেও প্রায় ২৮.১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া বেল্ট অ্যান্ড রোড (BRI) অংশীদার দেশগুলোতে মোট রপ্তানির একটি বড় অংশ (৪৩.৪ শতাংশের বেশি) গিয়েছে, এবং এ দেশগুলোতে প্রবৃদ্ধির হার ছিল প্রায় ২৪.৬ শতাংশ।
তবে চীনের The General Administration of Customs এর দেয়া তথ্যমতে, চীনের যান্ত্রিক, ইলেক্ট্রনিক্স ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানি ২০২৬ সালের প্রথম দুই মাসে ছিল মোট ২.৮৯ ট্রিলিয়ন ইউয়ান (৪২০.৩ বিলিয়ন মার্কিন ডলার), যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪.৩ শতাংশ বেশি। তবে দেশটি গত ২০২৫ সালের ১২ মাসে মোট প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারের অধিক মেশিনারি, ইলেক্ট্রনিক্স ও বৈদ্যুতিক পণ্য সারা বিশ্বে রপ্তানি করে।
এছাড়া, বৈশ্বিক ভারি প্রকৌশল যন্ত্রপাতি বা পণ্যভিত্তিক বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে ট্র্যাকচালিত খননযন্ত্র (crawler excavator), খনিশিল্পে ব্যবহৃত ডাম্প ট্রাক এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতির বৈশ্বিক চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই খাতে চীনা নির্মাতারা তুলনামূলক কম খরচে উৎপাদন এবং দ্রুত সরবরাহ সক্ষমতার কারণে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
তবে বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপান এখনো গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিদ্যমান রয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের Caterpillar-এর মতো প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। যদিও উচ্চ উৎপাদন ব্যয় এবং শক্তিশালী ডলারের কারণে তারা কিছু উন্নয়নশীল বাজারে প্রবল প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
অন্যদিকে জার্মানি এবং জাপান সূক্ষ্ম প্রকৌশল (precision engineering) এবং উচ্চমানের বিশেষায়িত যন্ত্রপাতি উৎপাদনে এখনো অগ্রগণ্য। Liebherr, Putzmeister বা Komatsu-এর মতো প্রতিষ্ঠানগুলো ডিজিটাল টুইন, IoT এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল গ্রহণ করেছে।
বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক ভারি ও হালকা প্রকৌশল যন্ত্রপাতির বাজারে এক নতুন ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে একদিকে উন্নত প্রযুক্তিনির্ভর দেশগুলো তাদের মান ও উদ্ভাবন ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে চীন সাশ্রয়ী মূল্য, বৃহৎ উৎপাদন সক্ষমতা এবং দ্রুত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বাজারে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে।
সবশেষে বলা যায়, উন্নয়নশীল দেশগুলোর দ্রুত বর্ধনশীল শিল্প ও অবকাঠামো খাতে হালকা ও ভারি প্রকৌশল যন্ত্রপাতি কিংবা প্রযুক্তির চাহিদা পূরণে চীন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র বা হাবে পরিণত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই বাজারে নেতৃত্ব নির্ভর করবে সেইসব দেশের ওপর, যারা প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশবান্ধব উৎপাদন এবং সাশ্রয়ী সমাধানের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারবে। আর এখন এটাই হচ্ছে বৈশ্বিক পর্যায়ে চতুর্থ শিল্প বিপ্লবের এক নতুন চ্যালেঞ্জ।

