মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এরপরও প্রণালি অতিক্রম করতে চাওয়া বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় তেহরান। শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, গত কয়েক ঘণ্টায় ছোড়া সব ড্রোনই প্রতিহত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্সে দেওয়া পোস্টে জানায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত রয়েছে।
আবহমান উত্তেজনার মধ্যে গত বুধবার রাতে ইরান হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের নির্দেশ দেয়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি (পিজিএসএ) জানায়, মার্কিন বাহিনীর আগ্রাসন এবং ইরানের সামরিক ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রণালি বন্ধ থাকবে; যেসব জাহাজ চলাচলের অনুমতি পেয়েছিল, তাদের ধৈর্য ধরে নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
সংঘাতের সূত্রপাত গত সোমবার, যখন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান দাবি করে, তারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেন। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানে হামলা চালায়, আর তার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
হামলা-পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বুধবার মাঝরাতে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে গত এপ্রিলে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়ে। ইরান এখন এই যুদ্ধবিরতিকে আর কার্যকর বলে মনে করছে না।

