বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। চলতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।
বাংলাদেশে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য প্রার্থীদের তিন ধাপের পরীক্ষা নৈর্ব্যক্তিক (এমসিকিউ), লিখিত এবং মৌখিক সফলভাবে উত্তীর্ণ হতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরাই পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
বার কাউন্সিলের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ লাভ করেন। আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম ও নীতিগত সিদ্ধান্ত বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরিচালনা করে থাকে।

