বাংলাদেশের ছয় ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আগামী ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। এরপরই তাদের দেশে ফিরতে হবে, কারণ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল।
এবারের পিএসএলে প্রথম ধাপে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মুস্তাফিজকে। নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ ইমন। পরে প্রথমবারের মতো ডাক পান শরিফুল ইসলাম ও তানজিদ তামিমও।
সব ঠিক থাকলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা, শরিফুল ও তানজিদ তামিম। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ ও পারভেজ ইমন, আর রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে।
তবে পিএসএলে খেলার সুযোগ পেলেও সময়সীমা স্পষ্ট ১২ এপ্রিলের পর আর নয়। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ও জাতীয় দলের দায়িত্ব পালনে তখনই দেশে ফিরতে হবে তাদের।

