প্রধান খবর

ওসমান হাদি হত্যার আসামি প্রত্যর্পণে ১৫ দিনের আলটিমেটাম

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ছয় দফা দাবিতে সংগঠনটি এই আলটিমেটাম ঘোষণা করে। রোববার (২২ মার্চ) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়া আসামিদের ১৪ দিনের রিমান্ড শেষে রোববার আদালতে তোলা হয় এবং নতুন করে আরও ১৪ দিনের হেফাজতে পাঠানো হয়। কিন্তু পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের ‘রহস্যজনক নীরবতা’ সংগঠনটিকে হতবাক করেছে। তারা মনে করছে, আসামি গ্রেপ্তারকে সরকারের সাফল্য হিসেবে দেখানো হলেও বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাই সামনে এনেছে।

ইনকিলাব মঞ্চের ছয় দফা দাবির মূল পয়েন্টগুলো হলো:
১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে এবং ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে আনতে হবে।
২. হত্যার নেপথ্যের কুশীলবদের আড়াল করার চেষ্টা বরদাস্ত করা হবে না; নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি।
৩. আসামিরা কীভাবে সীমান্ত পাড়ি দিল গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততা তদন্ত করে নাম প্রকাশ ও গ্রেপ্তারের দাবি।
৪. ভারতে ‘UAPA’ আইনে বিচার দীর্ঘায়িত না করতে বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের দাবি।
৫. ওসমান হাদি হত্যার বিচার ওপেন ট্রায়াল সিস্টেমে জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের দাবি।
৬. ১৫ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশে কঠোর কর্মসূচির ঘোষণা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করবে না ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *