প্রধান খবর

রিকশার বেপরোয়া গতিতে থেঁতলে গেল শিশুর মাথা

কুমিল্লা নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের বেপরোয়া গতি ও হঠাৎ ব্রেকের কারণে আড়াই মাস বয়সী এক শিশুর জীবন এখন সংকটাপন্ন। টিকা দিয়ে মায়ের কোলে চড়ে বাড়ি ফেরার পথে রিকশার স্টিলের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ওমর নামের ওই শিশুটির মাথার ওপরের অংশের হাড় ভেঙে গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাটি জব্দ করেছে প্রশাসন।

আহত শিশু ওমর কুমিল্লা নগরের ডুমুরিয়া চানপুর এলাকার শরিফুল ইসলাম ও মাহিনুর আক্তার স্বর্ণালির সন্তান। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে কুমিল্লাজুড়ে তীব্র ক্ষোভ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে শিশু ওমরকে নিয়ে নগরের কালিয়াজুরি টিকা কেন্দ্রে যান তার মা মাহিনুর আক্তার স্বর্ণালি। টিকা দেওয়া শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। রিকশাটি ছাড়ার পরপরই চালকের বেপরোয়া গতি দেখে তিনি নেমে যেতে চান। পরে চালক ধীরস্থিরভাবে গাড়ি চালানোর আশ্বাস দিলে তিনি রিকশায় থাকেন।

কিন্তু কিছুদূর যেতেই চালক পুনরায় অনিয়ন্ত্রিত গতিতে রিকশা চালাতে শুরু করেন। একপর্যায়ে দ্রুতগতির রিকশাটি হঠাৎ সজোরে ব্রেক কষলে মা স্বর্ণালি ছিটকে গিয়ে রিকশার স্টিলের পাইপে আঘাত পান। এ সময় তার কোলে থাকা শিশু ওমরের মাথা সজোরে ওই স্টিলের পাইপের সঙ্গে ধাক্কা খায়। এতে শিশুটির মাথার ওপরের অংশের হাড় ভেঙে যায় এবং ভাঙা হাড় মস্তিষ্কে আঘাত হানে।

দুর্ঘটনার পর দিনভর কুমিল্লা নগরের দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও ওমরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গতকাল সন্ধ্যায় চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, ঘটনার খবর পেয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত অটোরিকশাটি জব্দ করেছেন। পাশাপাশি এ ঘটনায় দায়ী চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা নগরে বেপরোয়া অটোরিকশার দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় তথ্যমতে, চলতি বছর নগরের কান্দিরপাড় পূবালী চত্বর, নিউ মার্কেট এলাকা, ঠাকুরপাড়া ও রেসকোর্স এলাকায় অটোরিকশার চাপায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *