প্রধান খবর

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী হিসেবে আবের কাওয়াসের ইতিহাস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটে পরাজিত করেন তিনি।

নিউইয়র্কের কুইন্সের ১২ নম্বর সিনেট জেলা থেকে নির্বাচিত হয়েছেন আবের কাওয়াস, যেখানে নিউইয়র্কের অন্যতম বৃহৎ আরব জনগোষ্ঠীর বসবাস। নির্বাচনের রাতে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) কয়েক শ সমর্থকের সামনে দেওয়া বিজয় ভাষণে তিনি বলেন, নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথমবারের মতো একজন ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন ভোটাররা।

আবের কাওয়াসের বাবা-মা দুজনেই ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। তার বাবা ১৯৪৮ সালে এবং মা ১৯৬৭ সালে নিজ ভিটেমাটি ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে জর্ডানে তাদের পরিচয় ও বিয়ে হয় এবং নব্বইয়ের দশকে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কৈশোরে কাওয়াসের বাবাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) আটক করেছিল। বাবার আটকের পর পরিবারের ওপর নেমে আসা আর্থিক ও সামাজিক সংকট তাকে মানুষের অধিকার আদায়ে কাজ করতে অনুপ্রাণিত করে। পরবর্তীতে অনথিভুক্ত অভিবাসী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তিনি নিউইয়র্কের অঙ্গরাজ্য আইনসভায়ও সরব ভূমিকা রাখেন।

নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানির সঙ্গে অঙ্গরাজ্য আইনসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে কাওয়াসের। মামদানি ও ডিএসএ-এর সমর্থনেই তিনি নির্বাচনে অংশ নেন এবং তার প্রচারণায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবী কাজ করেন। সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, গণপরিবহন ও অভিবাসীদের অধিকার সুরক্ষা ছিল তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য।

পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তার জোরালো অবস্থান নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিনেটর হিসেবে কাওয়াসের প্রথম অগ্রাধিকার হলো ‘নট অন আওয়ার ডাইম!’ বিলটি পুনরুজ্জীবিত করা। ২০২৩ সালে মামদানির সঙ্গে যৌথভাবে তৈরি করা এই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি কার্যক্রমে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধের কথা বলা হয়েছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে আইনসভার অন্যান্য সদস্য ও নেতৃত্বের রাজনৈতিক সমর্থন প্রয়োজন হবে। কাওয়াসের ভাষ্য অনুযায়ী, যেকোনো ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের শক্তিই হবে তার সবচেয়ে বড় ভরসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *