প্রধান খবর

তিন মাসে ৫ হাজারের বেশি অভিযান, জরিমানা আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সারা দেশে ৫ হাজার ৯৭টি বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ হাজার ৫৫৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করে মোট ৫ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছে।

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অযৌক্তিক মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে এসব অভিযান চালানো হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ভোজ্যতেল, ছোলা, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজারে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং হোটেল-রেস্তোরাঁয় আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়েও নজরদারি করা হচ্ছে।

অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, অনিয়ম পাওয়া গেলেই জরিমানা করা হচ্ছে। তবে বারবার জরিমানা করার পরও কোনো প্রতিষ্ঠান অনিয়ম চালিয়ে গেলে সেটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, শুধু অভিযান চালিয়ে বাজারে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। ব্যবসায়ীদেরও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই ভোক্তা অধিকার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *