প্রধান খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কয়েকটি স্থানে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বিভিন্ন কারখানায় কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বের হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় বাইপাইলে কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অস্থিরতার কারণে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ কারণে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি মোকাবিলায় আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনের বিক্ষোভ ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *