প্রধান খবর

ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়নের বেশি বাজেট চেয়েছে পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চালিয়ে যেতে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিজেরাই সন্দিহান-যুক্তরাষ্ট্রের কংগ্রেস এত বড় অঙ্কের অর্থ অনুমোদন দেবে কি না। কারণ, যুদ্ধের ব্যয় ইতোমধ্যেই অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে। সংঘাত শুরুর প্রথম সপ্তাহেই ব্যয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন অভিযান এবং দূরপাল্লার হামলার কারণে ব্যয় দ্রুত বেড়ে যায়।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মূল কেন্দ্র ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রিমুখী সংঘাত। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় উপসাগরীয় দেশ ও ইসরায়েলের ওপর। এর জেরে পুরো অঞ্চলজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিশেষ করে জ্বালানি অবকাঠামো, সমুদ্রপথ এবং কৌশলগত ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি দ্রুত বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টে সামরিক উপস্থিতি বাড়াতে হচ্ছে, যা ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও গভীর নেতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *