মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। কাতারের রাজধানী দোহায় দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই সবাইকে ঘরে থাকাতে সতর্কতা জারি করা হয়েছে। একই সময়ে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প এলাকায় আগুন লেগে গেছে। এছাড়া সৌদি আরবেও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, দোহায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনার পর জননিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের নিজ নিজ বাড়ি বা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ জানালা, কাঁচের দেয়াল ও খোলা জায়গা থেকে দূরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তারা বলছে, যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের শব্দ।
এই হামলার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প এলাকায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর। তারা বলেছে, এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এলাকাটি দুবাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এর আগে একই অঞ্চলে আরও ছয়টি ড্রোন ধ্বংস করার কথাও জানায় তারা।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পূর্বাঞ্চলে ছয়টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

