প্রধান খবর

যুক্তরাষ্ট্রে নয় নিজের বিশ্বকাপ ম্যাচগুলো মেক্সিকোতে খেলতে চায় ইরান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা জনিত ইস্যু দেখিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। বিশ্বকাপে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করছে ইরানের ফুটবল ফেডারেশন। এই খবর জানিয়েছে বিবিসি।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে প্রথমবারের মতো ৪৮ দলের আসর। সূচি অনুযায়ী, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা। তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হওয়ার কথা। তবে যুদ্ধের কারণে সেই পরিস্থিতি বদলে গেছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ইরান জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, আমরা অবশ্যই আমেরিকায় যেতে চাই না। বর্তমানে আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।’

গত সপ্তাহে, ইরানের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা চালানোর পর ইরানের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে তিনি মনে করেন, তাদের নিজের জীবন ও নিরাপত্তার জন্য সেখানে থাকা উপযুক্ত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *