মেধা, সৌন্দর্য, আত্মবিশ্বাস ও অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য নতুন ইতিহাস সৃষ্টি করলেন প্রবাসী বাংলাদেশি ফারিয়াহ আঞ্জুম। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত বিশ্বমানের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘মিসেস ডিভা ইন্টারন্যাশনাল’ খেতাব জয় করেছেন তিনি। তাঁর এই বিশাল গৌরবময় সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের জোয়ার বইয়ে দিয়েছে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) সিডনির অবার্নস্থ অভিজাত অনুষ্ঠানস্থল ‘দ্য রিজেন্সি’তে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘অপেরা মিস/মিসেস ডিভা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রতিযোগীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাটওয়াক, ব্যক্তিত্ব, ফ্যাশন সচেতনতা ও মেধার জমকালো প্রদর্শনীতে অংশ নেন ফারিয়াহ। বিচারে সেরা হিসেবে আত্মপ্রকাশ করে ‘মিসেস ডিভা ইন্টারন্যাশনাল’ বিভাগে মূল বিজয়ের মুকুট, ট্রফি, সনদপত্র ও সম্মানজনক স্যাশে নিজের নামে করেন তিনি।
অনুষ্ঠানের আকর্ষণীয় ইভনিং গাউন প্রদর্শনী, জমকালো ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের ক্যাটওয়াক এবং নিজস্ব প্রতিভা ফুটিয়ে তোলার অনন্য ফ্যাশন শো দর্শকদের বিমোহিত করে। বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণ ও আধুনিক মনস্তাত্ত্বিক মূল্যায়নের মাধ্যমে বিচার করা হয় বিজয়ীদের। কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং নারীর আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্বের অনন্য সক্ষমতা তুলে ধরে বিজয়ের ট্রফি ছিনিয়ে আনেন এই বাংলাদেশি প্রতিভাবান নারী।
অসাধারণ এই বিজয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিজয়ী ফারিয়াহ আঞ্জুম জানান, এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সামগ্রিক নারী ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসের জলন্ত প্রতীক। পৃথিবীর যেকোনো প্রান্তে নিজস্ব মেধা ও সততা নিয়ে কাজ করলে যে সফলতা ছিনিয়ে আনা সম্ভব—নিজের এই অর্জন দিয়ে অন্যান্য নারীদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগাতে চান বলে ব্যক্ত করেন তিনি। ফারিয়াহ আঞ্জুমের সিডনির এই মঞ্চে ইতিহাস গড়া অস্ট্রেলিয়াপ্রবাসী সকল নারীদের জন্য নতুন পথচলার অনুপ্রেরণা হিসেবে থাকবে।

