প্রধান খবর

লন্ডনে থাকায় ভালো বাংলা বলতে পারছেন না প্রধানমন্ত্রী- ক্লাসরুমে মন্তব্য করে শিক্ষক আটক

দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা চর্চা কমে গেছে এবং জাতিসংঘেও তিনি ভালো বলতে পারেননি—শ্রেণিকক্ষে এমন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক স্থানীয় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দশম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার সময় শিক্ষক গোলাম কিবরিয়া লালন উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর ভাষা ও উচ্চারণ নিয়ে বিতর্কিত বক্তব্যটি প্রদান করেন। পরবর্তীতে ক্লাসের শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়ার পর সার্বিক পরিস্থিতি নিরসনে বুধবার সকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে নিয়ে এক জরুরি বৈঠকে বসে। তবে আলোচনা চলাকালীনই থানা পুলিশ ও স্থানীয় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষক লালন স্কুল প্রাঙ্গণ থেকে বের হলে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অভিযুক্ত শিক্ষক ক্লাসে প্রধানমন্ত্রীকে নিয়ে উক্ত বক্তব্যটি দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি মূলত কোনো খারাপ উদ্দেশ্যে নাকি কেবল ব্যাকরণ ও ভাষার উদাহরণ হিসেবে কথাটি বলেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আটক শিক্ষকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানার কর্মকর্তা জানান, আটক শিক্ষক বর্তমানে থানা হেফাজতে আছেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বিক বিষয়টি পর্যালোচনা করছেন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *