বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন নেতৃত্বের অবস্থান জানান দিতে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সময় অনুযায়ী, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করে কড়া নিরাপত্তায় মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে তাঁর অবস্থানস্থল ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে। হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলের বাইরে সমবেত হয়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে হাজারো প্রবাসী প্রধানমন্ত্রীকে স্বাগতম জানান এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। জানা গেছে, নিউইয়র্ক সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ঐতিহাসিক অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই গুরুত্বপূর্ণ ভাষণে বাংলাদেশের পুনর্গঠিত গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি জবাবদিহি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
নিউইয়র্কে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও নির্ধারিত সব উচ্চপর্যায়ের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

