জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অস্ট্রেলিয়াপ্রবাসী সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’ (JU Alumni Association Australia)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সভায় আগামী ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
গত রোববার (২০ সেপ্টেম্বর) সিডনির রুটি হিল স্কুল অব আর্টস (Rooty Hill School of Arts) হলে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঘোষিত ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—তাহমিনা রহমান বীনা, রাশিদুল মোবাশ্বর (মিকন), সানদিদ বিন একলিম (মৌসুম), মোহাম্মদ শফিকুল হায়দার চৌধুরী (সুমন), উজ্জ্বল প্রধান, এস কে হোসেন আহমেদ (টিটু), জেরীন আফরীন, কে এম জাকির হাসান (তিতাস), মো. হাসান শাহ্ রিপন, সাদ্দাম হোসাইন, জান্নাতুল ফিরদাউস (সুমাইয়া), আবরার ফয়সাল এবং শাহরিয়ার হিমেল।
নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রবাসে সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। সভায় বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে বহুজাতিক প্রবাস জীবনে স্বকীয়তায় টিকিয়ে রাখার আহ্বান জানান।

