প্রেম, রোমান্স আর গ্ল্যামারাস রূপের বাইরে এবার সম্পূর্ণ ভিন্ন ও বিধ্বংসী অ্যাকশন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছেন দক্ষিণি তারকা রাশমিকা মান্দান্না। তাঁর নতুন নারীকেন্দ্রিক অ্যাকশনধর্মী সিনেমা ‘মাইসা’র প্রথম টিজারে এমন চোখধাঁধানো রূপেই ধরা দিয়েছেন তিনি। গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এই টিজারে রাশমিকাকে কাস্তে হাতে ভয়ংকর লড়াই করা, দ্রুতগতির মোটরসাইকেল চালানো এবং এমনকি পানির নিচে একাধিক প্রতিপক্ষের সাথে তুমুল যুদ্ধ করতে দেখা গেছে।
নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমাটিতে এক নির্ভীক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। টিজারের শুরুতে হতাশার বার্তা নিয়ে তাকে বলতে শোনা যায়, “আমি ক্লান্ত, আমি থেমে গেছি, আমি হেরে গেছি।” কিন্তু মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়ান তিনি। শুরু হয় প্রতিকূল সমাজ ও প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর বাঁচা-মরার লড়াই। প্রচলিত গ্ল্যামার পরিহার করে মাটির কাছাকাছি থাকা এক লড়াকু নারীর চরিত্রে রাশমিকার এই রূপান্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে দর্শকদের ব্যাপক প্রশংসায় ভাসছে।
এমন শারীরিক কসরতপূর্ণ চরিত্রের জন্য রাশমিকাকে নিতে হয়েছে কঠোর প্রস্তুতি। অ্যাকশন দৃশ্যের দৃশ্যধারনের সময় একটি গুরুতর দুর্ঘটনায় তাঁর পায়ের টেনডন ছিঁড়ে যায়। তীব্র যন্ত্রণা সত্ত্বেও কাজ থামিয়ে না রেখে দৃশ্যটি শেষ করেন তিনি। টিজারটি দেখে ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে দর্শকরা মন্তব্য করছেন, নারীকেন্দ্রিক সিনেমায় কেবল গ্ল্যামার নয়, বরং প্রকৃত অভিনয় ও প্রতিভাকে মূল ভিত্তি করার উপযুক্ত উদাহরণ এই ‘মাইসা’।
সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি ও নিধি সিং। আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম—এই পাঁচটি প্রধান ভাষায় প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘মাইসা’। উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল গত ১৯ জুন মুক্তিপ্রাপ্ত হিন্দি রোমান্টিক কমেডি সিনেমা ‘ককটেল ২’-এ, যেখানে তাঁর সাথে যৌথভাবে অভিনয় করেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন।

