প্রধান খবর

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয়সংক্রান্ত তথ্য দাখিলের সময় প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে।

গত বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।

এ ছাড়া প্রার্থীর হলফনামার কয়েকটি বিধানেও পরিবর্তন আনা হয়েছে। ‘অভিযুক্ত’ বলতে আদালত কর্তৃক অভিযোগ গঠন করা আসামিকে বোঝানো হবে। পাশাপাশি স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় নির্বাচনী প্রতীকের তালিকাতেও নতুন বিধান যুক্ত হয়েছে। গেজেটে মোট ১২০টি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ৬৫ নম্বর প্রতীক হিসেবে ‘নৌকা’ স্থগিত দেখানো হয়েছে। স্থগিত প্রতীক বাদ দিয়ে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *