প্রধান খবর

শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ ৩০ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ জন আসামির আইনি সুরক্ষায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটিতে চার্জ বা অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির দিন আগামী ৭ অক্টোবর ধার্য করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক প্যানেল এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন।

শুনানিকালে শাপলা চত্বর হত্যা মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে জামিনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল শুনানি শেষে তা নামঞ্জুর করেন। এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান এবং সাংবাদিক ফারজানা রূপাসহ মোট ১১ জন গ্রেফতারকৃত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামির বিরুদ্ধে মামলাটি বিচারধীন। পলাতক আসামিদের নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য পূর্বে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নির্ধারিত সময়ে কেউ আত্মসমর্পণ না করায় আইনি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তাদের আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করে। দাখিলকৃত অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৫ মে রাতে আসামিদের পারস্পরিক যোগসাজশে আলো ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে পরিকল্পিতভাবে হেফাজতে ইসলামের তৎকালীন মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *