প্রধান খবর

শাপলা চত্বরকাণ্ড : ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ আসামি ট্রাইব্যুনালে

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল-২-এ মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। মামলায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুসহ কয়েকজন রয়েছেন। সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আদালতে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। অন্য মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা হাসানুল হক ইনু এবং আবদুর রাজ্জাকও এ মামলায় গ্রেপ্তার রয়েছেন।

মামলার আনুষ্ঠানিক অভিযোগে দুটি মানবতাবিরোধী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে হত্যার উদ্দেশে গুলি, নির্যাতন ও গুরুতর আহত করার অভিযোগও আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *