প্রধান খবর

শাহ আমানত বিমানবন্দরে আবারও ৭ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আবারও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই রুটের আসা ও যাওয়ার একটি করে ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার একটি এবং যাওয়ার দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ও যাওয়ার একটি করে ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি এবং সেখানকার উদ্দেশে ছেড়ে যাওয়া চারটি ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, শারজাহ ও দুবাই রুটে বিমান বাংলাদেশ, এয়ার এরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *