ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ভাবনা শুরু করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। সামনের অ্যাশেজে তিনি থাকবেন কি না, তা নিয়েও নিজেই নিশ্চিত নন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, তিনি এখন সিরিজ ধরে ধরে ক্যারিয়ার নিয়ে ভাবছেন। আগামী অ্যাশেজ এখনো অনেক দূরের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ইংল্যান্ডে আবার সিরিজ জয়ের স্বাদ পেলে ভালো লাগবে, তবে শেষ পর্যন্ত সেখানে থাকা হবে কি না, তা সময়ই বলে দেবে।
টেস্ট ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় থাকলেও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলার স্বপ্ন দেখছেন ৩৭ বছর বয়সী স্মিথ। অলিম্পিককে সামনে রেখে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি। ইউরোপিয়ান লিগে খেলার অন্যতম কারণও যতটা সম্ভব টি-টোয়েন্টিতে থাকা বলে জানান এই ব্যাটার।
খেলা ছাড়ার পর কী করবেন, সেটিও এখনো ঠিক করেননি স্মিথ। ১২৫ টেস্টে ৩৭ সেঞ্চুরি ও ৪৫ ফিফটিতে তাঁর সংগ্রহ ১০ হাজার ৯২০ রান, ক্যারিয়ার গড় ৫৬.০০। দীর্ঘ ক্যারিয়ারকে দুর্দান্ত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড় হিসেবে এখনো কিছুটা সময় বাকি আছে বলে আশা করছেন।

