প্রধান খবর

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস’: প্রধানমন্ত্রী 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রদত্ত এক বিশেষ বাণীতে তিনি উল্লেখ করেন যে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও সাম্যের আদর্শ দেশের তরুণ প্রজন্মের সঠিক দিকনির্দেশনা এবং এক অনন্য প্রেরণার উৎস হতে পারে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের কলুষিত পথ থেকে মুক্ত রেখে তরুণদের জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিকতার চেতনায় গড়ে তুলতে প্রিয় নবীজির জীবনাচরণ সবচেয়ে বড় আদর্শ। তাঁর দেখানো সত্য ও ন্যায়ের পথ তরুণদের দেশপ্রেম ও সমাজ পুনর্গঠনে উদ্বুদ্ধ করবে।”

তিনি আরও উল্লেখ করেন, মহানবী (সা.)-এর ধরায় শুভাগমন মানবজাতির ইতিহাসে এক চিরভাস্বর ও মহিমান্বিত অধ্যায়। কুরআনের বাণী (সুরা আল-আহজাব, আয়াত: ২১) উদ্ধৃত করে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিল কুরআনের জীবন্ত প্রতিফলন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। এতিম, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আধুনিক বিশ্বের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ, উগ্রতা, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ার জন্য মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করা জরুরি। প্রিয় নবীজির সুমহান জীবনাদর্শ আমাদের ব্যক্তিক ও জাতীয় জীবনে ধারণ করে বাংলাদেশসহ বিশ্বজুড়ে শান্তি, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হোক-এই পবিত্র দিনে মহান আল্লাহর দরবারে এটিই আমার আকুল প্রার্থনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *