দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কৃষকদের চাহিদা পূরণে ইতোমধ্যে বিপুল পরিমাণ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ঘাটতি তৈরি না হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন গুদামে মোট ১৩ লাখ ৬৫ হাজার ৬০০ মেট্রিক টনের বেশি সার মজুত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মজুত ছিল প্রায় ১৩ লাখ মেট্রিক টন। ফলে গত বছরের তুলনায় চলতি সময়ে সারের মজুত কিছুটা বেশি রয়েছে। সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
তবে সার বিতরণে কিছুটা অনিয়ম ও ব্যবস্থাপনাগত জটিলতা রয়েছে বলে স্বীকার করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, কৃষক ও জনগণের স্বার্থ বিবেচনায় সরকার সার বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনছে। নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে কোথাও কোথাও অস্থিরতা তৈরি হয়েছে। কিছু ডিলার তাদের বরাদ্দ করা সার উত্তোলন না করায় কোনো কোনো এলাকায় সাময়িক সমস্যা দেখা দিচ্ছে। তবে এসব সমস্যা বড় আকার ধারণ করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, গ্যাস সরবরাহের ক্ষেত্রে আরও স্থিতিশীল অবস্থানে যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে এর অর্থ এই নয় যে বর্তমান পরিস্থিতির তুলনায় অবস্থা আরও খারাপ হবে। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

