বেনাপোল বন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (২৬ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্য একদিনের জন্য বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নোটিশ সূত্রে জানা গেছে, সরকারি ছুটির কারণে বুধবার দিনভর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে আগের নিয়মে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এ কারণে বন্দরে পণ্য পরিবহন ও খালাস কার্যক্রমও এক দিনের জন্য স্থগিত থাকবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফের আমদানি-রপ্তানিবিষয়ক সম্পাদক মো. রকি মাহামুদ লিটন জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, এক দিনের বাণিজ্যিক বিরতি কার্যকর হলেও বন্দর এলাকা ও আন্তর্জাতিক চেকপোস্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর পর যাতে যানজট বা কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *