নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।
ডিএমপি জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড ও রাজউক ক্রসিং পর্যন্ত যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি নগরবাসীকে এসব সড়ক এড়িয়ে বিকল্প ও সুবিধাজনক পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

