প্রধান খবর

ইরানের সরকার পতনে অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে দেশটির সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখা দেশগুলোকে ওয়াশিংটনের অবস্থানের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান সরকারের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াবে। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকে সতর্ক করে তিনি জানান, তেহরানের সঙ্গে অর্থ লেনদেন বা দেশটির তেল কেনা অব্যাহত রাখলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে নতুন নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট ধরন বা পরিধি এখনো প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

বেসেন্টের ভাষ্য, ইরানের অর্থনীতির ওপর ব্যাপক চাপ প্রয়োগ করা গেলে ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন কমতে পারে। তিনি জানিয়েছেন, পরিকল্পিত নতুন অর্থনৈতিক পদক্ষেপের বিস্তারিত আগামী ২৪ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সংঘাতের সময় হরমুজ প্রণালির নৌ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *