প্রধান খবর

উদ্বোধনের দিনেই বলাকা পরিবহনের ধাক্কায় দুর্ঘটনার কবলে বিআরটিসির ‘পিংক বাস’

রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে সেবা চালুর প্রথম দিনেই বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে নারীদের জন্য বিশেষভাবে নামানো বিআরটিসির ‘পিংক বাস’। মঙ্গলবার রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। চালুর প্রথম দিনেই এমন দুর্ঘটনার ছবি ও একাধিক ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ নাগরিক ও নেটিজেনদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পিংক বাসটি বনানী এলাকা পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্য ও পথচারীরা এগিয়ে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সত্যতা পেয়ে ও শৃঙ্খলাভঙ্গের দায়ে পরবর্তীতে ট্রাফিক পুলিশ বলাকা পরিবহনের বাসটিকে নগদ জরিমানা করে।

উল্লেখ্য, দেশের নারীদের নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নারীবান্ধব এবং নারী চালক দ্বারা পরিচালিত নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিত করা তাদের বিশেষ অঙ্গীকারের অংশ। প্রাথামিকভাবে মোট ১৪টি বাস নিয়ে এই বিশেষ সেবার যাত্রা শুরু করা হয়।

এর মধ্যে ঢাকার ১০টি প্রধান ও পরিচিত রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকায় চালু হওয়া ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে। তবে সেবা চালুর কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর বেপরোয়া সড়ক ব্যবস্থার কারণে পিংক বাসটি দুর্ঘটনায় পড়ায় সড়ক শৃঙ্খলা ও নারী যাত্রী সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *