বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ব্যর্থ জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তার জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর ১৩ সদস্যের দলে এটিই একমাত্র পরিবর্তন। প্রথম টেস্টের দুই ইনিংসে ওয়েদারাল্ড করেন ২৩ ও শূন্য রান। দুই ইনিংসেই তাকে আউট করেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।
অন্যদিকে প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন রেনশ। সর্বশেষ ২০২৩ সালে টেস্ট খেলেছিলেন তিনি। চলতি সিরিজের আগে ব্রিসবেনে দলের সঙ্গে অনুশীলন করে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন এই ব্যাটার।
গত শেফিল্ড শিল্ড মৌসুমে ৪৯.৯০ গড়ে তিনটি সেঞ্চুরি করেন রেনশ। এখন পর্যন্ত ১৪ টেস্টে তার ব্যাটিং গড় ২৯.৩১ এবং সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান। দ্বিতীয় টেস্টে মাঠে নামলে এটি হবে তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট।
দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।

