হবিগঞ্জে বিদ্যুৎ, গ্যাস সংকট, অব্যাহত লোডশেডিং এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ঐতিহাসিক কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সদর মডেল থানা পুলিশ তাঁদের আটক করে। আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, তীব্র গ্যাস সংকট ও নিত্যেপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার আসরের নামাজের পর থেকেই আন্দোলনকারীরা শহরের কোর্ট মসজিদের সামনে জড়ো হতে শুরু করেন। মিছিল বের করার আইনি ও প্রশাসনিক প্রস্তুতি চলাকালেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের পূর্বানুমতি ব্যতিরেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। উক্ত বিক্ষোভকে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় জনস্বার্থ ও নিরাপত্তার স্বার্থে তাঁদের আটক করা হয়েছে। আটক নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

