মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির এক জরুরি সভায় এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কোনো ধরনের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
জানা গেছে, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সোহেলী আক্তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গভীর শোক’ লেখা এবং শেখ মুজিবের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন ‘বিনম্র শ্রদ্ধা’। এর পরদিনই বিষয়টি নিয়ে কলেজে আলোচনা-সমালোচনা শুরু হলে গভর্নিং বডির সভাপতি ও নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উপস্থিতিতে জরুরি সভা ডেকে তাঁকে বরখাস্ত করার প্রস্তাব পাশ হয়।
নন্দনগাছী কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে পোস্ট দেওয়ায় এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে শোকজ ছাড়া বরখাস্তের বিষয়ে গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলাম স্বীকার করেন যে শোকজ নোটিশ দেওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
সাময়িক বরখাস্তের বিষয়ে ভুক্তভোগী শিক্ষক সোহেলী আক্তার জানান, তিনি অফিশিয়ালি বরখাস্তের খবর বা তাঁর সুনির্দিষ্ট অপরাধের কথা এখনও জানেন না। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

